নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল নিয়ে নীতিমালা প্রণয়নের প্রস্তুতি চলছে। এ বিষয়ে সদ্য গঠিত অটোরিকশা লাইসেন্স মনিটরিং কমিটির প্রথম সভায়ও আলোচনা হয়েছে।
শহরে লাইসেন্স ব্যবস্থাপনা, নতুন প্লেট বিতরণ ও সংশ্লিষ্ট কার্যক্রম তদারকির লক্ষে গঠিত লাইসেন্স মনিটরিং কমিটির প্রথম সভা মঙ্গলবার (১৬ জুন) বিকেলে নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সভা সূত্রে জানা গেছে, কমিটিতে আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সংগঠন, ট্রাফিক বিভাগ, সুধী সমাজ এবং মিশুক ও অটোরিকশা খাতের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় নাসিকের মিশুক ও অটোরিকশার নতুন প্লেট বিতরণের পদ্ধতি, প্লেটের নিরাপত্তা ব্যবস্থা, নকল প্রতিরোধ, মিশুক ও অটোরিকশাসহ সংশ্লিষ্ট যানবাহনের ব্যবস্থাপনা, চালকদের নিয়ন্ত্রণ, নিবন্ধন ফি এবং অন্যান্য প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভার সংশ্লিষ্টরা জানান, এমন একটি নীতিমালা প্রণয়নের চেষ্টা করা হচ্ছে যা সাধারণ মানুষের জন্য স্বস্তিদায়ক হবে। এবং সিটি করপোরেশনের কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সড়কের যানজট নিয়ন্ত্রণে সহায়তা এবং নকল প্লেটসহ বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ভূমিকা রাখবে। নীতিমালা চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলেও জানা যায়।
এ সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলনের আহ্বায়ক রফিউর রাব্বি, বিকেএমইএ’র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনুসহ কমিটির অন্যরা।




















