চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে খাসিকাপ মিনিবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মোহনপুর খেলার মাঠে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মুদাফর একাদশ ২-১ গোলে মাথাভাঙ্গা স্বপ্ন ছায়া ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়েরা জয়ের লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। নির্ধারিত সময়ে উভয় দল গোল করতে ব্যর্থ হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। শেষ পর্যন্ত টাইব্রেকারে ২-১ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে মুদাফর একাদশ।
টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, মোঃ আলম তপাদার, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও মোহনপুর ইউনিয়নের আব্দুল মতিন কাজী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ টিপু সুলতান ফরাজী, মফিজুল ইসলাম মিল্টন হাওলাদার, আজিম উদ্দিন বেপারী, আল আমিন পাহাড়, সালাউদ্দিন সরকার, শাহেন শাহ ও মনির সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা ধরে রাখতে এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের গুরুত্ব রয়েছে।



















