পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে দীর্ঘ ১৯ বছর আগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমান চাঁদপুরের কচুয়ার প্রবাসী মহিন খান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। পরিবারের কাছে ফিরলেন কফিনবন্দি মরদেহ হয়ে। দুবাইয়ে ১৫ দিন পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফিরেছে তাঁর মরদেহ।
গত ২০ নভেম্বর রাতে দুবাই এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মহিন খানের মরদেহ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের পালগীরি গ্রামের নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়।
জানা যায়, উন্নত জীবন ও পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় ২০০৭ সালে দুবাই পাড়ি জমিয়েছিলেন মহিন খান। দীর্ঘদিন প্রবাসে থেকে পরিবারের জন্য উপার্জন করলেও শেষ পর্যন্ত তাঁর স্বপ্ন অপূর্ণই থেকে গেল। মহিন খান ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি স্ত্রী স্বর্ণা আক্তার ও ৯ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা। পুরো গ্রামজুড়ে নেমে আসে শোকের ছায়া।
শনিবার মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শেষ বিদায়ে অংশ নেন আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকার শত শত মানুষ।
নিহতের স্বজনরা জানান, গত ৬ জুন দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকার একটি বাসা থেকে মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রী নিখোঁজ হন। এ ঘটনায় ১৩ জুলাই দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে নিখোঁজের আবেদন করা হয়। পরে ১৪ সেপ্টেম্বর দুবাই সিআইডি পুলিশ আবুধাবির একটি মরুভূমি থেকে বালুচাপা অবস্থায় মহিন খান, তাঁর কোম্পানির বস ও বসের স্ত্রীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করে দুবাই পুলিশ।
পরবর্তীতে গত ৬ নভেম্বর নিহত মহিন খানের পরিবারের সদস্যদের তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এরপর মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে দুবাইয়ের আরবিয়ান এমারেটস এলাকায় মহিন খানের ব্যবহৃত একটি প্রাইভেটকার, প্রয়োজনীয় কাগজপত্র ও মূল্যবান মালামাল উদ্ধারে বাংলাদেশ সরকার এবং দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তাঁরা।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাটি বিদেশে সংঘটিত হওয়ায় এ বিষয়ে আমাদের কাছে সরাসরি কোনো তথ্য নেই।



















