‘শেখ হাসিনা দিল্লির বিশ্বস্ত দাসী। এ দেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে শিকলে বেঁধে দেশে আনতে চাই।’ এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আশরাফুর রহমান বাবু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে জেলা যুবদলের প্রস্তুতি সভায় বিশেষ বক্তার বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বর চাঁদপুরে সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
আশরাফুর রহমান বাবু আরও বলেন, মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যাবে না। আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে দেশের জনগণ সোচ্চার রয়েছে। যুবদলের কোনো নেতাকর্মী স্বৈরাচার ও সন্ত্রাসীদের সহযোগিতা করলে প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা বিভাগীয় যুবদলের সমন্বয়ক মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ। তিনি বলেন, চাঁদপুর জেলা যুবদলের নবগঠিত কমিটি অত্যন্ত সুন্দর ও দক্ষ হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী কোনো নেতাকর্মী যেন বাদ না পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে।
চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন আকাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহারের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা বিভাগীয় সহ-সমন্বয়ক এজমল হোসেন পাইলট।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ নাছির উদ্দিন সরকার শাওন।
সভায় বক্তারা বলেন, হাসপাতাল ও থানার মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না। দেশে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করলে তা প্রতিহত করতে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। সভায় চাঁদপুরের বিভিন্ন উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















