জমকালো আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও ক্রীড়াপ্রেমী দর্শকদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিঃস্বার্থ সংগঠন চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে মধ্য ইসলামাবাদ এফসিকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মিলারচর স্পোর্টিং ক্লাব।
শুক্রবার রাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মজলিসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিঃস্বার্থ সংগঠনের সদস্যদের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা উপহার দেন।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব নুরুজ্জামান সরকার।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, কলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসলাউদ্দিন মোল্লা, সুলতানাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আয়োজক সংগঠনের সদস্য ও ক্রীড়াপ্রেমী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, খেলাধুলা একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিটি এলাকায় খেলার মাঠ ও ক্রীড়া আয়োজন বাড়াতে হবে। তরুণরা যেন মাদকের পথে না গিয়ে খেলার মাঠে নিজেদের প্রতিভা বিকশিত করতে পারে, সেই পরিবেশ তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
নিঃস্বার্থ সংগঠন চ্যাম্পিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের এ আয়োজন স্থানীয় তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন উপস্থিত অতিথি ও দর্শকরা।
জমকালো আয়োজনে নিঃস্বার্থ সংগঠন চ্যাম্পিয়ন কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন মিলারচর স্পোর্টিং ক্লাব
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৬:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- 82
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















