জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেছেন, আজকের শিশুরা আগামীর ভবিষ্যৎ। ভালোবাসাই হলো শিশুদের জন্য বড় শাসন। এই শিশুরাই সমাজের প্রাণ।
শনিবার(২৮ নভেম্বর) মতলব দক্ষিণ উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবী সামাজিক ও শিক্ষামূলক তরুণ প্রজন্মের সংগঠন “অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থা” কর্তৃক আয়োজিত বর্ণ প্রতিযোগিতার পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশরাফুর রহমান বাবু আরও বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন ২০১৩ সালে মতলবের দগরপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়ে স্কুল অঙ্গন ছাড়িয়ে উপজেলা হয়ে জেলাব্যাপী কার্যক্রম বিস্তার লাভ করেছে।
তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে নিবেদিত এই সংগঠনের সদস্যগণ তাদের সাধ্যমতো প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে। এসব উদ্যোগের মধ্যে আজকের বর্ণ প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত প্রশংসাজনক। আমি তাদের কাজে সত্যিই অভিভূত। তারা অন্যদের চেয়ে আলাদাভাবে সমাজের জন্য কাজ করতে দেখে ভালো লাগছে।
কেন্দ্রীয় যুবদল নেতা বলেন,আমরা শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়াসহ সবক্ষেত্রে সবাই মিলে আমাদের এই ঐতিহ্য, মান ধরে রাখতে কাজ করবো। বর্ণ প্রতিযোগিতা কোমলপ্রাণ শিক্ষার্থীদের পড়াশোনায় আরো আগ্রহী করে তোলবে। ছোট্ট সোনামণি’দের ফাউন্ডেশন শক্ত করে স্থাপন করতে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণিতে বর্ণ প্রতিযোগিতা মেধা অন্বেষণে খুব প্রেরণাদায়ক।
আশরাফুর রহমান বাবু বলেন, ভাষার মাসে বর্ণ প্রতিযোগিতা আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। বর্ণ হচ্ছে ভাষার মূল ভিত্তি। বর্ণ যদি সঠিকভাবে উচ্চারণ করতে না পারি, তাহলেতো আমার ভাষা কোনো কাজে আসলোনা। ২০১৪ সাল থেকে বর্ণ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে, ব্যাপক সাড়া পাচ্ছে।আমি আমার অবস্থানে থেকে অঙ্গীকার বন্ধু সংগঠনের ভালো ভালো কাজ এগিয়ে নিতে সম্পৃক্ত থাকবো। যুব উন্নয়ন অধিদপ্তর সহ সরকারি যেকোনো উদ্যোগে অঙ্গীকার বন্ধু সংগঠনকে কিভাবে যুক্ত করে সমাজের জন্য কাজ করা যায় সেসবে আমার প্রয়োজনীয় সহযোগিতা অবশ্যই থাকবে।
তিনি অভিভাবকদেরকে উদ্দেশ্য করে বলেন, আপনার কোমলমতি সন্তানকে আদর-সোহাগের মাধ্যমে পড়াশোনা সহ অন্যান্য এক্টিভিটিজে সম্পৃক্ত করবেন।
সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজীর সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের সভাপতি ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জজ কোর্টের এপিপি ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট আব্দুল মান্নান মিয়াজী, মতলব দক্ষিণ উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ, সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলার সভাপতি সাইয়্যেদুল আরেফিন শ্যামল।
এছাড়াও অভিভাবকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলমাছ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য কাজল কুমার দেব, মতলব দক্ষিণ উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ক্রীড়া সংগঠক ছাত্রনেতা মোঃ ফয়সাল খন্দকার।
সংগঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের আহবায়ক ও এলিট পরিষদের সদস্য জয়ন্তী ভৌমিক, কার্যনির্বাহী পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, অঙ্গীকার বন্ধু সংগঠন করোনাকালীন সময়ে উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন। মাদকমুক্ত সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠন হিসেবে অঙ্গীকার আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, করোনাকালীন সময় সহ বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অঙ্গীকার বন্ধু সংগঠন অতীতে পীড়িত মানুষের পাশে ছিলো। ২০১৩ সাল থেকে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে বিরতিহীনভাবে। এই সকল কাজ করতে গিয়ে বিভিন্ন বাঁধা-বিপত্তি অতিক্রম করে বন্ধুত্বের ঐক্য গড়ে, সেবার সুড়ঙ্গ পথে হেঁটে চলছে। বক্তারা এমন মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করেন এবং আগামী দিনেও এরকমভাবে মহতী কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
আয়োজন সফল করতে ভূমিকা রাখেন অঙ্গীকার বন্ধু সংগঠনের সহ সভাপতি পারভেজ আলম প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহম্মেদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সৈকত তালুকদার, সংগঠনের মতলব দক্ষিণ উপজেলা কার্যনির্বাহী পরিষদের সদস্য সচিব মো: কামরুল হাসানসহ অন্যান্য সদস্যগণ।
উল্লেখ্য, বর্ণ প্রতিযোগিতায় প্রাক-প্রাথমিক ও ১ম শ্রেণিতে ১৫ জন করে মোট ৩০ জনকে মেধাস্থানক্রম অনুযায়ী এবং আরও মোট ২৫ জনকে বিশেষ স্থান ক্যাটাগরিতে ক্রেস্ট, সনদপত্র প্রদান করা হয়েছ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য শাফিন আহমেদ , গীতা পাঠ করেন শিক্ষার্থী সুজানা।



















