আরকেনিউজ ডেস্ক :
হাজীগঞ্জে ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। চলমান অভিযানের অংশ হিসাবে সোমবার দুপুরে তিনি গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় অবৈধ ড্রেজার মেশিন ও পাইসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
জানা গেছে, ফসলি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এ দিন (সোমবার) দুপুরে থানা পুলিশের সহযোগিতায় ওই ইউনিয়নের গন্ধর্ব্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎখনিক ড্রেজার সংশ্লিষ্ট নাজির আহম্মেদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন তিনি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজারের পাইপসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এর আগে গত শনিবার হাটিলা পূর্ব ইউনিয়নে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক জানান, অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহৃত থাকার বিষয়ে অঙ্গীকারাবদ্ধ উপজেলা প্রশাসন। তাই, চলমান অভিযানের অংশ হিসাবে আজ (সোমবার) দুপুরে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে একটি অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




















