চাঁদপুরে অপরাধ নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে যৌথ বাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে। চলমান অভিযানের ধারাবাহিকতায় ২৬ জুলাই ২০২৫ তারিখ রাত ১১টা ৪০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার স্টেডিয়াম রোড এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলো শ্রী কিশোর সিং রায় (৫০) এবং আব্দুর রহমান তারেক (২৪)। তারা দীর্ঘদিন ধরে চাঁদপুর শহর ও আশপাশের এলাকায় বিভিন্নভাবে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয় এবং অভিযানে যৌথ বাহিনী নির্ভুলভাবে তাদের অবস্থান চিহ্নিত করে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট ও পরিকল্পিত। অভিযান চলাকালীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং দ্রুততম সময়ে অভিযুক্তদের আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং প্রতারক চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনী কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় একাধিক অপরাধী চক্র শনাক্ত করে আইনের আওতায় আনা হয়েছে।
এ অভিযানে সফলতা অব্যাহত থাকায় স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার নির্দেশনা রয়েছে, যাতে করে চাঁদপুর অপরাধমুক্ত একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠতে পারে।



















