চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের মতো গুরুতর অভিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী-কে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই ) দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চূড়ান্ত বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ইমাম হোসেন গাজীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ইমাম গাজী দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ এলাকায় চাঁদাবাজি, জমি দখল এবং সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন বলে একাধিক লিখিত অভিযোগ কেন্দ্রীয় দফতরে জমা পড়ে। অভিযোগগুলো যাচাই-বাছাইয়ের পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী, কেউ যদি দলীয় আদর্শ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হন অথবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেন, তাহলে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার অধিকার রয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির।
এই সিদ্ধান্তের ফলে ইমাম হোসেন গাজী এখন থেকে বিএনপির কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। দলের কোনো সভা, সমাবেশ, কর্মসূচি বা সাংগঠনিক কার্যক্রমে তার সম্পৃক্ততা নিষিদ্ধ থাকবে।
দলীয় মহলে মনে করা হচ্ছে, এ ধরনের সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো জানিয়েছে, দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ভবিষ্যতেও অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে দল।



















