আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকায় আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, ঘোষিত তালিকার বাইরে আরও দুই-একটি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে গুলশানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা ইতোমধ্যে বেশিরভাগ আসনে প্রার্থী ঘোষণা করেছি। তবে দুই-একটি আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেগুলো আমরা পরে জানিয়ে দেব।”
এর আগে দলটি ৩০০ আসনের মধ্যে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে। পরে আরও ৩৬টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়। বাকি থাকা ২৭টি আসন যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর জন্য রাখা হয়েছে বলে জানান তিনি।











