বাংলাদেশ সেনাবাহিনীতে ২০২৬ সাল থেকে সৈনিক পদে যোগদানের বয়সসীমায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়োগ নীতিমালা অনুযায়ী সাধারণ ট্রেড এবং টেকনিক্যাল ট্রেড—দুই ক্ষেত্রেই বয়সসীমা পুনঃনির্ধারণ করা হয়েছে।
সেনাবাহিনীর সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, সাধারণ ট্রেডে সৈনিক পদে আবেদন করতে হলে বয়স ১৭ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে। পূর্বে এই বয়সসীমা ছিল ১৭ থেকে ২০ বছর। অন্যদিকে, টেকনিক্যাল ট্রেড (টিটি)–এ আবেদনকারীদের বয়স এখন ১৭ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে, যা পূর্বের তুলনায় এক বছর বৃদ্ধি পেয়েছে।
বয়সসীমা বৃদ্ধির ফলে আরও বেশি তরুণ-তরুণীর জন্য সেনাবাহিনীতে যোগদানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের শিক্ষাব্যবস্থা, কর্মসংস্থানের বাস্তবতা ও সময়োপযোগী প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত তরুণদের জন্য একটি ইতিবাচক সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ সাল থেকে নতুন এই বয়সসীমা কার্যকর হবে। নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়সসীমাসহ অন্যান্য যোগ্যতা ও শর্ত বিস্তারিতভাবে উল্লেখ থাকবে।











