চাঁদপুরের মতলব দক্ষিণ পৌরসভার ৭নং ওয়ার্ডের নলুয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানের গেইট খুলতে গিয়ে মোবারক হোসেন (৩৫) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। সোমবার রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। আনন্দঘন একটি অনুষ্ঠান মুহূর্তেই পরিণত হয় শোকের আবহে।
স্থানীয়রা জানান, বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর গেইট ভাঙার কাজ চলছিল। পেশায় শ্রমিক মোবারক হোসেন গেইটের ওপর উঠে বাঁশ–লাইট–সজ্জা খুলতে ব্যস্ত ছিলেন। হঠাৎই তিনি পা পিছলে নিচে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। তার সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন এবং দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর সদর হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্যমতে, মাথায় মারাত্মক চাপা আঘাত এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন।
নিহত মোবারক হোসেন ফরিদগঞ্জ উপজেলার সেকদী গ্রামের বাসিন্দা। দরিদ্র পরিবারের এই মানুষটি প্রতিদিনের মতো শ্রমের আয় দিয়ে সংসার চালাতেন। হঠাৎ মোবারকের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও নিস্তব্ধতা। স্ত্রী, সন্তানের ভবিষ্যৎ নিয়ে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
স্থানীয়রা বলেন, মোবারক অত্যন্ত পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। এলাকার যে কোনো অনুষ্ঠানে শ্রমদানে এগিয়ে থাকতেন। অতর্কিতে ঘটে যাওয়া এই দুর্ঘটনা সবাইকে মর্মাহত করেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নলুয়া গ্রামসহ নিহতের নিজ গ্রাম সেকদীতে শোকের ছায়া নেমে আসে। আনন্দের বিয়ের আয়োজন মুহূর্তেই হয়ে ওঠে আতঙ্ক ও কান্নার রোল।




















