আরকেনিউজ অনলাইন ডেস্ক:
ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে জিয়াউর রহমান (২৬) নামে এক যুবক মারা গেছে। বুধবার সকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম ইউনিয়নে কাওনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মিন্নত আলী বেপারী বাড়ীর হাছান আলী বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে জিয়া গাছের শুকনো ঢাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। এসময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করেন।
নিহত জিয়ার ছোট ভাই ফয়েজ আহমেদ জানান, গত তিন বছর পূর্বে পারিবারিক ভাবে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে সন্তান সম্ভবা। তিনি আরো জানায়, আমরা ৬ ভাই ৩ বোনের মধ্যে জিয়া তৃতীয়। এদিকে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদনের ভিত্তিতে এবং তাদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, নিহতের পরিকারে কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।





















