মতলব উত্তরে ১০ ঘন্টার ব্যবধানে মা ও ছেলের হৃদয় বিদারক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তরের সিপাইকান্দি গ্রামের মিয়াজী বাড়িতে।
মা ও ছেলের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী জানান, বুধবার দিবাগত রাত ২টায় ফতেপুর পূর্ব ইউনিয়নের মৃত দুধ মিয়া মিয়াজীর স্ত্রী গোল বাহার (১০৫) মারা যায়।
মরহুমার জানাজা নামাজের সময় নির্ধারণ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাদ যোহর। কিন্তু যোহর নামাজের আজানের আগেই নিজ বাড়িতে মৃত্যু কোলে ঢলে পরেন মৃত দুধ মিয়া মিয়াজীর ছেলে লনী মিয়া মিয়াজী (৬০)। রাতে মায়ের মৃত্যু। দিনে ছেলের মৃত্যুর খবরে এলাকাবাসী শোকে স্তব্ধ হয়ে যান।
পারিবারিক সূত্রে জানা যায়, মা গোল বাহার জানুয়ারী মাসের ১৭ তারিখে পা পিছলে পড়ে গিয়ে কোমড়ের হাড় ভেঙ্গে যায়। সেই থেকে তিনি শষ্যাশায়ী ছিলেন। অপর দিকে ছেলে লনী মিয়া মিয়াজী দীর্ঘ দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুর কয়েক দিন আগেও চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলেও চিকিৎসকগণ বাড়ি পাঠিয়ে দেন।
স্থানীয় ইউপি সদস্য গোলাম নবী খোকন জানান, বৃহস্পতিবার বাদ জোহর সিপাইকান্দি বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে মায়ের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অপরদিকে বাদ মাগরিব একই স্থানে ছেলের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে মায়ের পাশে ছেলের দাফন করা হয়েছে। এমন হৃদয় বিদারক ঘটনা আমাদের স্তব্ধ করে দিয়েছে।




















