আজ ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদর দপ্তরে সংঘটিত হয় দেশের ইতিহাসের অন্যতম মর্মান্তিক হত্যাযজ্ঞ। বিপথগামী কিছু সৈনিকের বিদ্রোহে প্রাণ হারান ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন। রক্তাক্ত সেই ঘটনার ১৭তম বার্ষিকীতে জাতি আজ গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে শহীদদের স্মরণ করছে।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন অনেকটাই বোধগম্য। তিনি উল্লেখ করেন, ২০০৯ সালের পর দীর্ঘ সময় ধরে দিনটি যথাযোগ্য গুরুত্বে পালন করা হয়নি। তবে ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে ২৫ ফেব্রুয়ারি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
প্রধানমন্ত্রী তাঁর বাণীতে শহীদ সেনা কর্মকর্তাসহ সকল শহীদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান। তিনি বলেন, জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে শহীদদের আত্মত্যাগ স্মরণ করবে।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে শুরু হওয়া বিদ্রোহ দ্রুত রক্তক্ষয়ী হত্যাযজ্ঞে রূপ নেয়। পরবর্তীতে বাহিনীটির নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাখা হয়।
জাতীয় শহীদ সেনা দিবসে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ ও তাঁদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করা হচ্ছে।
জাতীয় শহীদ সেনা দিবস আজ: পিলখানার বেদনাবিধুর স্মৃতিতে শ্রদ্ধায় নত জাতি
-
অনলাইন নিউজ ডেস্ক - আপডেট : ০৯:৩০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- 156
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















