২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্ণ হলেও এখনো থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের কৃতি সন্তান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমানের একমাত্র ছেলে নাবিল আহমেদ।
আন্দোলনে গুরুতর আহত এই তরুণ দীর্ঘ ২৪ মাস ধরে বিদেশে চিকিৎসাধীন থাকলেও রাষ্ট্র বা সংশ্লিষ্ট মহল থেকে কাঙ্ক্ষিত খোঁজখবর না নেওয়ার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডি থেকে একটি আবেগঘন ও হৃদয়বিদারক স্ট্যাটাস দিয়েছেন তার বাবা সিদ্দিকুর রহমান। স্ট্যাটাসটিতে তিনি সন্তানের অনিশ্চিত ভবিষ্যৎ এবং রাষ্ট্রীয় উদাসীনতার কথা তুলে ধরে গভীর ক্ষোভ ও বেদনা প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে সিদ্দিকুর রহমান লেখেন:আমার একমাত্র ছেলেকে নিয়ে আজ দুই বছর হাসপাতালে। আজকের বাংলাদেশ যাদের রক্তের বিনিময়ে, তাদের খবর কেউ রাখে না। এটা তো আশা করিনি। ছেলের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে একবার মনে হয় বেঁচে থেকে কী করব? একমাত্র কলিজার টুকরা ছেলেকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, আজ সব শেষ। হে আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। আমিন।”
জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথে সম্মুখসারিতে থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছিলেন তরুণ নাবিল আহমেদ। এ সময় তিনি মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে দেশের বাইরে এবং পরবর্তীতে থাইল্যান্ডে নেওয়া হয়। দীর্ঘ দুই বছর ধরে থাইল্যান্ডের হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পরিবার চরম আর্থিক ও মানসিক সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে।
এ দেশের স্বাধীনতা ও পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের পেছনে জুলাইয়ের শহীদ ও আহতদের ভূমিকা থাকলেও, দীর্ঘ দুই বছর ধরে বিদেশে চিকিৎসাধীন এই বীর যোদ্ধার পাশে সরকারি-বেসরকারিভাবে আরও জোরালো সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও স্বজনরা।




















