চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মো. রুহুল আমিন (৯৩) আর নেই। আদালতে একটি মামলার শুনানিতে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে চাঁদপুর আদালতে একটি মামলার কার্যক্রম পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই আইনজীবী। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করান। তবে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁর জীবন রক্ষা সম্ভব হয়নি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। দীর্ঘ প্রায় ৫৪ বছর ধরে তিনি চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেছেন। তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও ন্যায়নিষ্ঠার জন্য তিনি আইনজীবী সমাজে বিশেষভাবে সম্মানিত ছিলেন।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের কৃতী সন্তান অ্যাডভোকেট রুহুল আমিন কর্মজীবনের অধিকাংশ সময় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় বসবাস করেন। আইন পেশার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনেও তিনি ছিলেন সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং পরবর্তীতে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও সফলতার সঙ্গে পালন করেন।
পরিবারের সদস্যরা জানান, তাঁর একমাত্র ছেলে সুমন বর্তমানে জাপানে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলে জানাজা ও দাফনের সময় নির্ধারণ করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ চাঁদপুর বেগম মসজিদের মর্গে সংরক্ষণ করা হবে। পরে জানাজা শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
অ্যাডভোকেট মো. রুহুল আমিনের মৃত্যুতে চাঁদপুরের আইন অঙ্গন, রাজনৈতিক মহল ও সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরকে/ সাইফ




















