এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর অকৃতকার্য হওয়ার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়ে রাজশাহীতে কারিনা পাল (নাম) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
কারিনা পাল উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের শ্রী কাঞ্চন কুমার পালের মেয়ে। তিনি চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কারিনা জানতে পারেন, রসায়ন ও পদার্থবিজ্ঞান বিষয়ে তিনি অকৃতকার্য হয়েছেন। এ খবর জানার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে নিজ ঘরে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।
পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আ. আউয়াল বলেন, ‘কারিনা ছাত্রী হিসেবে ভালো ছিল। কী কারণে তার ফলাফল খারাপ হয়েছে, তা বলা কঠিন। ফলাফল খারাপ হতেই পারে; তাই বলে জীবন শেষ করে দেওয়া কোনো সমাধান নয়। সে চাইলে পরবর্তীতে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেত।’
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি শিক্ষকরা ফলাফল নিয়ে অতিরিক্ত চাপ না দিয়ে সন্তানদের মানসিক অবস্থার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
এসএসসিতে অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রীর মর্মান্তিক মৃ”ত্যু
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৬:২১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
- 204
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















