চাঁদপুরের হাজীগঞ্জে আট বছর বয়সী এক শিশুকে অপহরণ করে আটকে রেখে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি, ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন এবং মামলা করলে শিশুসহ পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা মো. নুরুল ইসলাম (৫৪) হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর অলিপুর মিজিবাড়ির বাবুল মিজির ছেলে মো. হাবিব মিজি (২২)-কে অভিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তির কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলামের আট বছর বয়সী ছেলে আব্দুল্লাহ বলাখাল নূরানী মাদ্রাসায় পড়াশোনা করে। পূর্ববিরোধের জের ধরে গত ৫ আগস্ট দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির দক্ষিণ পাশ থেকে শিশুটিকে নিয়ে অভিযুক্তের বসতঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, শিশুটিকে আটকে রেখে ধারালো ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং পরিবারের কাছে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটির বাবা কয়েকজনের সহযোগিতায় অভিযুক্তের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশুটিকে উদ্ধারের পরও অভিযুক্ত ব্যক্তি হাতে ধারালো ছোরা নিয়ে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেন নুরুল ইসলাম। তার দাবি, এ ঘটনায় মামলা করলে ছেলে আব্দুল্লাহ কিংবা পরিবারের অন্য কোনো সদস্যকে পুনরায় অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে হত্যা বা গুরুতর জখম করার হুমকি দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর আইনগত ব্যবস্থা নিতে হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন শিশুটির বাবা। অভিযোগে জেসমিন আক্তার, মো. মামুন ও মো. কাশিমসহ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”




















