বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। একইসঙ্গে আলোকসজ্জা ও আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে ১২ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক স্মারকে এ নির্দেশনা দেওয়া হয়।
স্মারকে বলা হয়, এর আগে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল। তবে বিদ্যুৎ সাশ্রয় এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের স্বার্থে নতুন করে সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। পাশাপাশি সব ধরনের আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। আলোকসজ্জাও বন্ধ রাখতে বলা হয়েছে।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি ব্যবস্থাপনায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এসব নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত ওই স্মারকটি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড/বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংগঠনে পাঠানো হয়েছে।
শপিংমল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৬:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















