সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড ও নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানায় দায়ের করা সাধারণ ডায়েরি ও বিভিন্ন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে প্রতারক চক্রটির সন্ধান পাওয়া যায়। চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছসহ নানা পণ্য বিক্রির চটকদার বিজ্ঞাপন প্রচার করে ক্রেতাদের আকৃষ্ট করত। পরে পণ্য সরবরাহের কথা বলে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক হিসাবের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করত।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির ওসি মোঃ মজিবুর রহমানের দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এসআই মোঃ আনছার উল্লাহ ও এসআই মোঃ জিয়াউল হক জিয়ার সমন্বয়ে ডিবি পুলিশের একটি দল নড়াইল জেলার কালিয়া থানা পুলিশের সহযোগিতায় গত ২০ আগস্ট রাতে কালিয়া থানাধীন পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাবিবুর রহমান ওরফে সাজিদ ওরফে হেদায়েত হুজুর (৪১)কে গ্রেপ্তার করে।
পরে একই রাতে পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী ওরফে রাব্বী শরীফ (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য আলামত প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে আসছিল। এ চক্রের সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ এবং পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান অনলাইনে পণ্য কেনাবেচার ক্ষেত্রে অপরিচিত ব্যক্তি বা ফেসবুক পেজের মাধ্যমে লেনদেনের আগে যথাযথ যাচাই-বাছাই করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অনলাইনে ইলিশ বিক্রির নামে প্র’তারণা: চাঁদপুর ডিবির অভিযানে গ্রেপ্তার ২
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৩৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- 139
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















