চাঁদপুরের মতলব উত্তরে বাড়ির উঠানে খেলতে গিয়ে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পুকুরের পানিতে আড়াই বছরের শিশু আবু রায়হানের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। পরে স্বজনেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে উপজেলার উত্তর উদ্দমদী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবু রায়হান ওই গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
পুলিশ ও শিশুটির স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে ঘর থেকে বের হয়ে বাড়ির উঠানে খেলছিল আবু রায়হান। এ সময় তার মা, দাদি ও পরিবারের অন্য সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
বাড়ির আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে বাড়ির পুকুরে শিশুটির ভাসমান নিথর দেহ দেখতে পান স্বজনেরা। পরে তাকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির দাদি ইয়াসমিন বেগম জরুরি বিভাগের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, “কীভাবে আমার নাতি পুকুরে ডুবল, বুঝতে পারছি না। সে নিজে পানিতে ডুবে গেল, নাকি কেউ তাকে ফেলে দিয়েছে, সেটাও জানি না। আমার সোনাটাকে এখন কোথায় পাব? কে আমাকে দাদি বলে ডাকবে?” ঘটনাটি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















