চাঁদপুরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টির মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী মো. মুরশিদুল আলম। নির্বাচনে তিনি হাঁস মার্কা প্রতীকে ব্যবসায়ী ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট চেয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ভোটারদের সঙ্গে মতবিনিময় ও প্রচারণাকালে দপ্তর সম্পাদক পদে হাঁস মার্কায় ভোট প্রার্থনা করেন তিনি।
মো. মুরশিদুল আলম হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির একজন প্রবীণ সদস্য ও পরিচিত ব্যবসায়ী মুখ। এর আগে তিনি সমিতির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি দুইবার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত থাকা মুরশিদুল আলম এবার দপ্তর সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগিতা, দোয়া, সমর্থন ও ভোট কামনা করেছেন।
মো. মুরশিদুল আলম বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে আমি দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান হাজীগঞ্জ পূর্ব বাজার তরকারি পট্টির মৌসুমী টি হাউজ। অতীতেও আমি আপনাদের অর্পিত দায়িত্ব সুনাম ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছি। এবারও ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার সুযোগ চাই।”
তিনি আরও বলেন, “হাজীগঞ্জ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীরা সবাই আমার পরিচিত। আমি সকল ব্যবসায়ী ভাই-বোনের কাছে দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করছি।”
এদিকে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন পদে প্রার্থীরা নিজেদের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দপ্তর সম্পাদক পদে মো. মুরশিদুল আলমের প্রার্থিতা নিয়েও ব্যবসায়ী মহলে আলোচনা চলছে। নির্বাচিত হলে ব্যবসায়ী সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং ব্যবসায়ীদের স্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন মো. মুরশিদুল আলম।




















