হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবক মো. এনামুল হক স্বপন মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় ঢাকা নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে এদিন দুপুরে উপজেলার কৈয়ারপুল এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে তিনি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন।
মারা যাওয়া যুবক মো. এনামুল হক স্বপন (৪০) হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের দক্ষিণপাড়া মজুমদার বাড়ি মরহুম শহিদুল্লাহ ক্বারীর বড় ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন, নিহতের স্বজন হাফেজ মাওলানা নাজির আহমাদ।
জানা গেছে, কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কৈয়ারপুল এলাকায় সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন স্বপন। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে আসার আগেই সিএনজি দুইটি নিয়ে দ্রুত পালিয়ে যান চালকরা। পরে আহত স্বপনকে উদ্বার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
প্রথমে অজ্ঞাত ব্যক্তি হিসেবে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর ফেসবুকে দুর্ঘটনায় বিষয়টি জানতে পেরে স্বপনের স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারিরির অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হলে তিনি আহতকে স্থানীয়দের সহযোগীতায় হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে দুর্ঘটনাকবলিত সিএনজি দুইটি পাওয়া যায়নি।
তিনি বলেন, জানতে পেরেছি আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। আমরা খোঁজ-খবর নিচ্ছি, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




















