বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী বলেছেন, ফরিদগঞ্জে দলের শৃঙ্খলা ফিরিয়ে এনে সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করাই তাঁর মূল লক্ষ্য।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোতাহার হোসেন পাটওয়ারী বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বৈরাচারী শাসনের মধ্যে ছিল এবং মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। দীর্ঘ সময় পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কাজ করবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশের প্রশাসনিক ও সামাজিক শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের ভালোবাসার প্রতিদান দিয়ে বিএনপি দেশকে পুনরায় শৃঙ্খলার পথে ফিরিয়ে আনবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শ ধারণ করে বিএনপি এগিয়ে যাচ্ছে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সকালে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন প্রাঙ্গণে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন মোতাহার হোসেন পাটওয়ারী।
পরে বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় ও জাতীয় পতাকা এবং বিভিন্ন প্রতীক নিয়ে নেতাকর্মীরা এতে অংশ নেন।
দীর্ঘদিন পর ফরিদগঞ্জ উপজেলা বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতাকে একই মঞ্চে এবং একসঙ্গে র্যালিতে অংশ নিতে দেখা যায়। এতে সাধারণ নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
র্যালির আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক, চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আব্দুল কালাম আজাদ, সাবেক মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাবক, হারুনুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, নজরুল ইসলাম পাটওয়ারী, মো. জাকির পাটওয়ারী, আব্দুর রহমান, মো. মাসুদ, পৌর বিএনপির সাবেক সহসভাপতি হারুনুর রশিদ, আবুল কাশেম পাটওয়ারী, শাহাবুদ্দিন বাবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব আব্দুল মতিনসহ স্থানীয় নেতারা।
আয়োজকদের দাবি, সভা ও র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সাত থেকে আট হাজার নেতাকর্মী অংশ নেন। ছাত্রদল, যুবদল, মহিলাদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরও উপস্থিতি ছিল।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি প্রতিষ্ঠিত হয়।




















