বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে ডাকাতিয়া নদীতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের দর্জিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি বলেন, বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষার বিষয়েও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। দেশের নদী-নালা, খাল-বিল ও জলাশয়ের সঙ্গে কোটি মানুষের জীবন-জীবিকা জড়িত। মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য জলাশয় সংরক্ষণ এবং দেশীয় মাছের প্রজননক্ষেত্র রক্ষা করা জরুরি।
তিনি বলেন, চাঁদপুর নদী ও মৎস্যসম্পদে সমৃদ্ধ একটি জেলা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়াকে ঘিরে এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা গড়ে উঠেছে। তাই নদী ও জলজ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; রাজনৈতিক দল, মৎস্যজীবী সমাজসহ সর্বস্তরের মানুষকে এ কাজে এগিয়ে আসতে হবে।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে জেলার উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, মানুষের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে চাঁদপুরের উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মৎস্যজীবীসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চাঁদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কবির হোসেন মিজি, পৌর ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়া, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির দেওয়ান মিন্টু, সাধারণ সম্পাদক মমিনুল হক টিটু, সাংগঠনিক সম্পাদক সফিকুর ইসলাম খান, ১২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি স্বপন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মো. অফিল মিজি, ছাত্রদল নেতা সোহাগ বেপারীসহ পৌর ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।




















