শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালী ও সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি এলাকায় মাদক নির্মূলে মাদক বিরোধী এ র্যালী ও সভা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত র্যালী ও সমাবেশে খিলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শেখ রায়হানুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক প্রতিরোধ এবং মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।




















