চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচআনি যুবসমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাঁচআনী উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে খেলোয়াড়দের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও মোহনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফ উল্লাহ মুন্সি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আনোয়ার হোসেন মাস্টার, আবু সুফিয়ান রয়েল, ইউপি সদস্য রিয়াদ হোসেন, শাকিল মুন্সী, মাওলানা আনিসুর রহমান সরকার, মোহনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোলাইমান গাজী, কবির হোসেন মোল্লা, ৯নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলম মোল্লা, আল আমিন মোল্লা, জাকির হোসেন মাঝি।
প্রধান অতিথির বক্তব্যে আরিফ উল্লাহ মুন্সি বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতিকর। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবনের পথে এগিয়ে নিতে হবে। আমরা চাই, আমাদের এলাকার প্রতিটি তরুণ মাদককে না বলে খেলাধুলা ও ভালো কাজে যুক্ত হোক।”
আরিফ উল্লাহ মুন্সী আরো বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করতে হবে। আজকের এই আয়োজন শুধু একটি ফুটবল ম্যাচ নয়, এটি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির একটি উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।”
মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি যুবসমাজকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
খেলায় পাঁচআনি স্পোটিং ক্লাবকে এখলাশপুর একাদশ ১-০ গোলে পরাজিত করে বিজয় অর্জন করেন।
খেলা শেষে আয়োজকরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।




















