চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫নং দুর্গাপুর ইউনিয়নের হরিনা গ্রামের বীর সন্তান ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় হরিনা কবরস্থান মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে সরকারের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং পুলিশ কর্মকর্তা সাদেকুর রহমান’সহ বাংলাদেশ পুলিশের একটি দল মরহুমের কফিন জাতীয় পতাকা দিয়ে ঢেকে ‘গার্ড অব অনার’ ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
জানাজার নামাজের সময় মরহুমের একমাত্র ছেলে রিয়াদ শিকদার উপস্থিত সবার উদ্দেশ্যে কথা বলেন এবং তাঁর বাবার জন্য সকলের কাছে দোয়া ও ক্ষমা চান।
জানাজায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং সাধারণ মুসল্লিরা অংশ নেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম শিকদার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি পরিবার, পরিজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে হরিনা কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।




















