আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে পৌর ১০নং ওয়ার্ডে গণসংযোগ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সমর্থন প্রত্যাশী, সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন মোহাম্মদ হাসান মিয়াজী। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকালে তিনি রান্ধুনীমূড়া ও মনিনাগ এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী, সমর্থক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এছাড়া তিনি সন্ধ্যার পর বলাখাল বাজার এলাকায় বিএনপির নেতাকর্মীদের সাথে চা-চক্রে যোগ দেন। এর আগে পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৭ ও ৮নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করে। তার এই গণসংযোগে ব্যাপক সাড়া ও জনসম্পৃক্ততা মিলেছে। গণসংযোগকালে তিনি স্থানীয় ও এলাকার লোকজনের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এসময় স্থানীয়রা বিভিন্ন সমস্যা উপস্থাপন করলে তিনি দলীয় সমর্থন ও পৌরবাসীর ভোটে নির্বাচিত হলে তার সমাধান করবেন বলে আশ্বস্ত করেন। বিশেষ করে পৌরসভার অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার নিশ্চিত সমাধান করা হবে এবং যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
সংবাদকর্মীদের সাথে এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।




















