দীর্ঘ ২২ বছরের কর্মজীবনের স্মৃতিবিজড়িত চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে বদলিজনিত কারণে বিদায় নিলেন আইটি সাপোর্ট বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ শরীফুর রহমান। সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকের মধ্য দিয়ে আবেগঘন পরিবেশে তাকে বিদায় জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদ শরীফুর রহমান ২০০৩ সালে কর্মজীবন শুরু করেন। পরে ২০০৫ সালের ১৮ মে চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কম্পিউটার বিভাগে যোগদান করেন। এরপর একই প্রতিষ্ঠানে আইটি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে কয়েকবার অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলেও দেশব্যাপী টেকনিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট, বিশেষ করে আইটি শিক্ষক স্বল্পতাসহ সরকারি বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। অবশেষে বদলির আদেশে দীর্ঘদিনের কর্মস্থল চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে বিদায় জানালেন তিনি। আগামী রোববার কুমিল্লার মুরাদনগর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে মোহাম্মদ শরীফুর রহমান বলেন, দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য শিক্ষার্থীকে হাতে-কলমে শেখানোর সুযোগ পেয়েছেন তিনি। তার অনেক শিক্ষার্থী বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে বড় বড় প্রতিষ্ঠানে আইটি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘আমার একটাই পরিচয়—আমি একজন শিক্ষক।’ এ কথা বলার সময় আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে শরীফুর রহমান বলেন, তিনি তাদের শেখানোর পাশাপাশি মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছেন। জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ ও লেখাপড়ার প্রতি আগ্রহ তৈরি করার চেষ্টা করেছেন এবং সবসময় শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেছেন।
দীর্ঘ চাকরিজীবনে নিজের কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তার সকল শিক্ষার্থী ও সহকর্মী যেন ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। বাকি জীবনেও যেখানেই থাকুন, পরবর্তী কর্মস্থলে তার জন্য দোয়া করার আহ্বান জানান তিনি।
চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এপারেল বিভাগের বিভাগীয় প্রধান এনায়েত রাব্বি মোঃ ইয়াছিন, ননটেক বিভাগের বিভাগীয় প্রধান ইকবাল হোসেন, ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফারুক হোসেন সরকার, আইটি সাপোর্ট বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ কাউছার হোসেন, অটোমোবাইল বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মুশফিক মোজাম্মেল হায়দার, কলেজের কম্পিউটার বিভাগের সাবেক শিক্ষার্থী ও ডাসাদি ডিএসআইএস কামিল মাদ্রাসার প্রভাষক মোহাম্মদ নূরুল আমিন, সাবেক শিক্ষার্থী মহসিন হোসাইন ও সাবেক শিক্ষার্থী হালিমা আক্তারসহ শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি বিভাগের জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ দেলোয়ার হোসেন। এ সময় চাঁদপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে আইটি সাপোর্ট ও বেসিক বিভাগ থেকে মোহাম্মদ শরীফুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষকের বিদায়ে এ সময় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ বলেন, শরীফ স্যার একজন নম্র, ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। পারিবারিকভাবেও তার পরিবারের সদস্যরা উচ্চশিক্ষিত। তিনি যেখানেই থাকুন, ভালো থাকবেন—এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দীর্ঘদিন শরীফুর রহমান এই কলেজে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে মনের অজান্তে কারও সঙ্গে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে শরীফুর রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
দীর্ঘ ২২ বছরের কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলের পথে পা বাড়ানো মোহাম্মদ শরীফুর রহমানের বিদায় যেন শুধু একজন শিক্ষকের বদলি নয়; বরং অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মীর সঙ্গে গড়ে ওঠা দীর্ঘ সম্পর্কের এক আবেগঘন অধ্যায়ের সমাপ্তি।




















