চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) চাঁদপুরের ফয়সাল মার্কেট ও বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।
অভিযানকালে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাবার সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ফ্যামিলি বাজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা এবং প্রয়োজনীয় ডকুমেন্টবিহীন মোবাইল পার্টস বিক্রয়ের অপরাধে চায়না বাংলা ট্রেডিংকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অভিযানের অংশ হিসেবে আশপাশের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করার পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে চাঁদপুর সদর উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর।
চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৫:৪৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- 60
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















