সরকারি দপ্তর মানেই যেন দূরত্ব, আনুষ্ঠানিকতা আর নানা সংকোচ—এমন প্রচলিত ধারণাকে বদলে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন।
সাধারণ মানুষ যাতে কোনো ধরনের সংকোচ ছাড়াই ইউএনওর কাছে এসে নিজেদের সমস্যা তুলে ধরতে পারেন এবং সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা অযথা বিড়ম্বনার শিকার না হন, সে লক্ষ্যেই তার কার্যালয়ের প্রধান দরজায় টাঙানো হয়েছে ব্যতিক্রমী একটি সাইনবোর্ড।
সাইনবোর্ডে বড় করে লেখা— ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’। আর তার নিচেই আরও স্পষ্ট বার্তা— ‘ধাক্কা দিন, দরজা খুলে যাবে।’
সরকারি কর্মকর্তার কার্যালয়ের দরজায় এমন বার্তা দেখে অনেকেরই কৌতূহল তৈরি হচ্ছে। তবে কৌতূহলের পাশাপাশি সাধারণ মানুষের জন্য এটি যেন একটি সরল আমন্ত্রণ—প্রয়োজনে সরাসরি আসুন, কথা বলুন, সেবা নিন।
স্থানীয়রা বলছেন, সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অনেক নাগরিকের মধ্যেই কর্মকর্তার কক্ষে প্রবেশ নিয়ে এক ধরনের সংকোচ কাজ করে। আবার অনেক সময় সরাসরি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের সুযোগ না পেয়ে মধ্যস্বত্বভোগী বা বিভিন্ন ব্যক্তির ওপর নির্ভর করতে হয়। ইউএনও কার্যালয়ের দরজায় এমন উন্মুক্ত বার্তা সেই মানসিক দূরত্ব কমাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে তাদের কথা শোনা এবং প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হাজীগঞ্জের ইউএনও ইবনে আল জায়েদ হোসেনকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে।
তার এই উদ্যোগের মূল উদ্দেশ্যও নাগরিকদের জন্য সরকারি সেবা আরও সহজ ও জনবান্ধব করা।
এ বিষয়ে ইউএনও ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘মানুষ যেন ইউএনও অফিসে এসে সহজভাবে তার সেবা পেতে পারে, সেজন্যই আমার এই উদ্যোগ।’
সংশ্লিষ্টরা মনে করছেন, ছোট্ট একটি সাইনবোর্ড হলেও এর বার্তাটি গুরুত্বপূর্ণ। সরকারি দপ্তরের দরজা সাধারণ মানুষের জন্য আরও উন্মুক্ত করার পাশাপাশি এমন উদ্যোগ উপজেলা প্রশাসন ও জনগণের মধ্যকার দূরত্ব কমাতে সহায়ক হতে পারে।
সরকারি অফিসের দরজায় এমন লেখা আগে দেখেছেন? হাজীগঞ্জে ইউএনওর নতুন উদ্যোগ
-
শাখাওয়াত হোসেন শামীম - আপডেট : ০৬:১৬:০১ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
- 72
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















