চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের বাকিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ, দোয়া মাহফিল ও সবক বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. রবিউল হাসানের অর্থায়নে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা এ.এস.এম আলী আশ্রাফ মারওয়ান ফাউন্ডেশনের উপদেষ্টা ও ৪ নম্বর কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা হেদায়েত উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম তপদার। এ সময় মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন ও আরবি প্রভাষক মাওলানা আল-আমিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয় এবং তাদের হাতে সবক বই তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সফলতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এ ছাড়া ২০২৬ সালের দাখিল পরীক্ষায় এ+ (A+) অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




















