চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ গাজীকে (৪৫) কুয়েতে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুয়েতের হাওয়ালি এলাকায় মাদক ব্যবসায়ী ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে চলমান নিরাপত্তা অভিযানের সময় তাকে গ্রেপ্তার করে হাওয়ালি প্রশাসনের নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা। বিষয়টি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কুয়েতি সংবাদমাধ্যম ‘আরব টাইমস’-এর প্রতিবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়েছে, হাওয়ালি এলাকায় একটি খোলা পার্কিংয়ে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় সোহাগ গাজীকে। পরে নিরাপত্তাকর্মীরা তাকে তল্লাশি করলে তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষের দাবি, জিজ্ঞাসাবাদে সোহাগ গাজী মাদক বিভিন্ন স্থানে লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে মোবাইল ফোনের মাধ্যমে ক্রেতাদের লুকিয়ে রাখা মাদকের অবস্থান জানিয়ে সরবরাহ করা হতো বলেও তিনি জানিয়েছেন বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে উল্লেখ করা হয়েছে।
এরপর তার বাসায় অভিযান চালিয়ে আরও মাদকদ্রব্য ও মাদক সংশ্লিষ্ট সরঞ্জাম উদ্ধার করা হয়।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অভিযানে মোট ১০১টি হেরোইনের প্যাকেট, ২৫টি মেথামফেটামিনের প্যাকেট, মাদক ব্যবহারের চারটি সরঞ্জাম এবং ওজন মাপার একটি যন্ত্র জব্দ করা হয়েছে।
সোহাগ গাজী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তার বিষয়ে বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন শনিবার (২৬ সেপ্টেম্বর) বলেন, সোহাগ গাজী ওই ইউনিয়নের ইউপি সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে চলে যান। পরবর্তীতে তার ইউপি সদস্য পদ বাতিল হয়।
চেয়ারম্যান জানান, পরে তিনি জানতে পারেন সোহাগ গাজী কুয়েতে অবস্থান করছেন। এলাকায় থাকাকালে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। তবে কুয়েতে গ্রেপ্তারের পর এ বিষয়ে কিছু তথ্য সামনে আসছে বলে তিনি জানান।
কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার
-
অনলাইন ডেস্ক - আপডেট : ০৩:৪২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















