চাঁদপুর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে, পূরবী শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে রূপসী স্টোরকে ৫ হাজার টাকা, এলিগ্যান্টকে ৬ হাজার টাকা এবং মিনি মার্টকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, রূপসী স্টোর ও এলিগ্যান্টে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা এবং ক্রয় ভাউচার না রাখার অনিয়ম রয়েছে। এছাড়া মিনি মার্টে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকার বিষয়টি ধরা পড়ে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনে ডাবের দামও যাচাই করা হয়। এ সময় ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি ভোক্তাদের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
-
স্টাফ রিপোর্টার - আপডেট : ০২:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- 42
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















