চাঁদপুরে বিদেশি কসমেটিকস ও শিশুদের পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিজ উদ্যোগে বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে পণ্য বাজারজাত করার অপরাধে এ. এস. এন্টারপ্রাইজকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) চাঁদপুরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় পরিচালিত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে কর্তৃপক্ষ।
অভিযান চলাকালে বিভিন্ন আমদানিকারকের নামে ব্যবহৃত স্টিকার ধ্বংস করা হয়। এ ছাড়া আশপাশের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি না করা এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাঁদপুরে আমদানিকারকের স্টিকার ছাড়া কসমেটিকস ও শিশুদের পণ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০১:৫১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
- 76
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


















