চাঁদপুর সদর উপজেলার ৩ নং তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে আঃ ছাত্তার খান ফাউন্ডেশন।
সোমবার (২৩ নভেম্বর) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট আলম খান মঞ্জুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি তরপুরচণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী।
অভিযানে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা অংশ নেন। তারা ইউনিয়ন পরিষদ ভবনের পেছনে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে স্থানটি পরিষ্কার করেন। অভিযানের শেষ পর্যায়ে অ্যাডভোকেট আলম খান মঞ্জু নিজেও স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় তিনি বলেন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলা সবার দায়িত্ব। শুধু পরিচ্ছন্নতার কথা বললেই হবে না, নিজেদেরও এ কাজে এগিয়ে আসতে হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে আঃ ছাত্তার খান ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



















