জসিম উদ্দিন, ফরিদগঞ্জ:
বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে ফরিদগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
সোমবার (১৯ জুন) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালন করা হয়।এতে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামানের সভাপতিত্বে স্থানীয় গণমাধ্যম কর্মীরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সাংবাদিক নাদিম হত্যা গণমাধ্যমের জন্য হুমকি।নৃশংস এ হত্যার সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত করতে হবে।
এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যান।
এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।




















