২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক ফরহাদ হোসেনের নেতৃত্বে সোমবার (২১ আগস্ট) বিকালে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এ দিন মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ‘বঙ্গবন্ধু শেখ মুজিব চত্ত্বর’ থেকে বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ২১ আগস্টে বর্বরোচিত হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত বিচার কার্যক্রম শেষ করার দাবি জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৯ বছর আগে ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে এ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ২৪ জন নিহত এবং অন্তত ৩০০ জন আহত হয়। এ ঘটনায় ২০১৮ সালের ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডের রায় দেন নিম্ন আদালত।
রায় কার্যকরের আগে ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ সংক্রান্ত নথি) ও আপিল আবেদন এখন হাইকোর্টে। বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গত বছরের ৪ ডিসেম্বর শুনানি শুরু করেন। এখন পর্যন্ত বেঞ্চের ৮০ কার্যদিবসে শুনানি হয়েছে। সবশেষ শুনানি ২৫ জুলাই হয় বলে আদালত সূত্র জানিয়েছে।




















