চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়াকে এক ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা তাঁকে একজন সততা নির্ভর, দূরদর্শী ও অত্যন্ত জনবান্ধব কর্মকর্তা হিসেবে অভিহিত করে তাঁর কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
উপজেলায় দায়িত্ব পালনকালে তাঁর বস্তুনিষ্ঠ ও প্রশংসনীয় ভূমিকার প্রতি সম্মান জানিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শেষ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সাংবাদিক নেতৃবৃন্দ ও সুধীজন।
সংবর্ধনা সভায় আবেগঘন বক্তব্যে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের একদম কাছে থেকে কাজ করার অনন্য সুযোগ পেয়েছি। স্বল্প সময়ে এখানকার মানুষের সঙ্গে আমার একটি আত্মিক বন্ধন তৈরি হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রশাসনিক কাজে স্থানীয় কর্মরত সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতা সত্যিই প্রশংসনীয়। প্রশাসন, সাংবাদিক ও জনগণের এই অকৃত্রিম সহযোগিতা আমার স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান জুয়েল, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি সহকারী অধ্যাপক
মো. মহিউদ্দিন, মশিউর রহমান।
বিদায়ী ইউএনওর ভূমিকা তুলে ধরে সাংবাদিকরা বলেন, স্বল্প মেয়াদের কর্মকালেই তিনি প্রশাসনিক কঠোরতা বজায় রাখার পাশাপাশি সাধারণ ও অসহায় মানুষের আস্থার ঠিকানা হয়ে উঠেছিলেন। গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদানসহ যেকোনো মানবিক প্রয়োজনে তিনি ছিলেন সর্বাগ্রে। নিজের নিরলস কর্মগুণেই তিনি সাধারণ মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন সেটু কুমার বড়ুয়া। দীর্ঘ ১১ মাস ১৪ দিন সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে বদলি হয়েছেন।
এদিকে প্রশাসনিক সূত্র নিশ্চিত করেছে, বাগমারা উপজেলার তাহেরপুর থেকে বদলি হয়ে আসা নতুন ইউএনও মেহেদী হাসান মানিক আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।



















