চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে মোয়াজ্জেম হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া শেখ বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। মৃত মোয়াজ্জেম হোসেন বরগুনা জেলার তালতলী থানাধীন নলবুনিয়া গ্রামের সালাম হাওলাদার ও হেলেনা দম্পত্তির সন্তান। মোয়াজ্জেম পেশায় একজন ডিপ টিউবয়েল শ্রমিক।
মোয়াজ্জেম হোসেনের সহকর্মী রাসেল হোসেন ও মাসুদ জানান, মোয়াজ্জেম হোসেনরা ১১ জনের একটি দল মিলে দেশের বিভিন্ন স্থানে ডিপ টিউবয়েল (গভীর নলকূপ) স্থাপনের কাজ করে থাকেন। গত দু’মাস পূর্বে মোয়াজ্জেম হোসেন তাদের সাথে যোগ দেন। ঘটনার দিন সকালে উপজেলার পশ্চিম লাড়ুয়া গ্রামের মনির হোসেনের একটি ডিপ টিউবওয়েল স্থাপনের জন্য আসেন তারা। স্থানীয় বাদশা মিয়া নামের এক পরিবারের চৌচালা বসতঘরের বারান্দায় থাকার জন্য তাদের আসবাবপত্র রাখেন সকাল ৭টায়। মোয়াজ্জেম হোসেন অন্য একটি ডিপ টিউবয়েল বসানোর কাজে থাকার কারণে আগের রাত্রে ঘুমাতে পারেনি। তাই সবাই মিলে ডিপ টিউবয়েলের কাজ করার জন্য প্রস্তুতি নিলেও মোয়াজ্জেম হোসেন ওই ঘরে ঘুমানেরা জন্য অবস্থান করছিল। কিছুক্ষণ পর তাদের সহকর্মী দেলোয়ার হোসেন (৬০) এসে দেখে তাদের থাকার ঘরে দরজা বন্ধ। ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকচিৎকার দিলে অন্যান্য সহকর্মীরা এলে তাদের সহযোগিতায় ওই ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে দেখে মোয়াজ্জেম হোসেন ফাঁস দেওয়াবস্থায় কাঠের আঁড়ার সাথে ঝুলে আছে।
এই বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে মোয়াজ্জেম হোসেন নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















