মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আজাদ বেপারী (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
এর আগে এদিন সকাল ১০টার দিকে হাজীগঞ্জ বাজার থেকে আজাদ বেপারীকে ইয়াবাসহ হাতে-নাতে আটক করে পুলিশ। সে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া বেপারী বাড়ির মৃত আব্দুল মাজেদ বেপারীর ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে হাজীগঞ্জ বাজারের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় আজাদ বেপারীর কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। সে চিহৃিত পকেটমার। তার বিরুদ্ধে হাজীগঞ্জ বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নগদ টাকা ও মোবাইল চুরির অভিযোগ রয়েছে। সম্প্রতি সে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটক মাদক কারবারি আজাদ বেপারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





















