ফরিদগঞ্জের স্বনামধন্য শিশু শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে বাংলাদেশ সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
বর্ণমালা কিন্ডারগার্টেনের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তছলিম আহমেদ, ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠান, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, ফরিদগঞ্জ এআর পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল, চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাফিজুর রহমান, রোটারী ক্লাব ফরিদগঞ্জের সভাপতি কামরুল হাসান সাউদ, জেলা বিসিক কর্মকর্তা আহসান হাবীব মামুন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী প্রমুখ।
এসময় পুঁথিগত শিক্ষার পাশাপাশি বর্ণমালা কিন্ডারগার্টেন ফরিদগঞ্জ-এর আঙিনায় শিশুদের মেধা বিকাশের লক্ষ্যে দেশের বরেণ্য কবি সাহিত্যিক, শিক্ষাবিদ, মুুক্তিযোদ্ধাগণের ছবি ও জাতীয় ফলফলাদি, পশুপাখির চিত্র দেখে বিদ্যালয় কর্তৃপক্ষের মেধার ভূয়সী প্রশংসা করেন আগত অতিথিবৃন্দ।




















