হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের (জেড-১৪২২) ১০ কিলোমিটার রক্ষনাবেক্ষণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বুধবার (২৬ জুন) বিকালে পৌরসভাধীন ১১নং ওয়ার্ড হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ১২ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে এ রক্ষনাবেক্ষণ কাজের ভিত্তির প্রস্তর স্থাপন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসন বাইপাস সড়ক স্থাপনের জন্য আমি কাজ করে যাচ্ছি। বিষয়টি নিয়ে বেশ কয়েকবছর আগে সার্ভে করা হয়েছে। ওই সার্ভে অনুযায়ী হাজীগঞ্জের বদরপুর হয়ে ওয়ারুক বাজার পর্যন্ত এলিভেটেডেট এক্সপ্রেসওয়ের আদলে বাইপাস সড়কটি করা হবে। এতে কম জমি নষ্ট হবে, আবার খরচও কম হবে। সড়কের নিচে কৃষি কাজও করা যাবে।
তিনি বলেন, চার লেনে উন্নীত করা হবে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক। এ বিষয়ে কাজ চলছে। আর এসড়কটি চার লেনে উন্নীত হলে হাজীগঞ্জ বাজার এলাকায় অনেক বহুতল ভবন ভাঙ্গা পড়বে। এজন্য আমি বাইপাস সড়কের প্রতি জোর দিয়েছি। এতে বাজারের যানজটও মুক্ত হবে এবং ভবনগুলো ভাঙ্গা পড়বে না।
তিনি আরও বলেন, বাইপাস সড়কের বিষয়ে আমি সংসদে কথা বলেছি এবং যোগাযোগ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। শুধু হাজীগঞ্জ-শাহরাস্তির পাশাপাশি আমি সারাদেশের জন্য কথা বলি। কারণ, আমি মুক্তিযুদ্ধ করেছি দেশের জন্য। দেশের মানুষের জন্য। আর আমার কথাগুলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলে থাকি। তিনি আছেন বলেই, দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। আমরাও আমাদের সংসদীয় আসনে ব্যাপক উন্নয়ন করতে পেরেছি।
তরুণ প্রজন্মের উদ্দেশ্যে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, তরুণ প্রজন্মরাই আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দেবে। তবে দূর্নীতি ও চাঁদাবাজমুক্ত নেতৃত্ব দিতে হবে। মানুষ যেনো তোমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। তোমাদেরকে দেখে মানুষ যেনো মুখ ফিরিয়ে না নেয় এবং আল্লাহ ও তাঁর রাসূলের নির্দেশমতো যদি চলো, তোমাদের কোনো ভুল হবেনা, তোমাদের কোন ভয়ও থাকবেনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নিবার্হী প্রকৌশলী মো. আলীউল হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।
বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিবের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মো. সেলিম মিয়া, পৌরসভার ১১নং ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুজ্জামান মুন্সী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফেজ মো. শাহজালাল।
এ সময় হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু কুমার দত্ত মিঠু, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ইউসুফ প্রধানীয়া সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান ইউসুফ পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা অধ্যাপক স্বপন কুমার পাল, অধ্যাপক মো. সেলিম, বাবুল পাটওয়ারী, প্যানেল মেয়র আজাদ হোসেন মজুমদার, কাউন্সিলর মো. শাহআলম, শাহআলমসহ অন্যান জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি জাহিদুর রহমান জাহিদ, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সিনিয়র যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।




















