হাজীগঞ্জে গত ৯ দিনে পাশাপাশি দুই গ্রাম থেকে দুইটি সিএনজি অটোরিকশা চুরির করে নিয়ে যায় একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র। উপার্জনের একমাত্র সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে দুটি পরিবার। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী দুই গাড়ির মালিক। গত কয়েক বছরে এই দুই গ্রামের আশেপাশে থেকে ৮ টি সিএনজি অটোরিকশা চুরি হয়েছে। এতে আতঙ্কিত হয়েছে পড়েছে সিএনজি অটোরিকশার চালকরা।
জানা যায়, ৯ জুলাই রাতে উপজেলার কালচোঁ গ্রামের বেপারি বাড়ির আবু তাহের বেপারীর ছেলে আবদুল কাদেরের সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় সঙ্ঘবদ্ধ একটি চোর চক্রের সদস্যরা। এ চুরির ঘটনায় হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আব্দুল কাদের।
চুরি হওয়া সিএনজি অটোরিকশার মালিক আবদুল কাদের বলেন, আনুমানিক রাত সাড়ে তিনটার দিকে চোরেরা আমার গাড়িটি নিয়ে যায়। সকাল ঘুম থেকে উঠে দেখি গাড়ি নাই। আমি এই গাড়িডা চালাইয়া ডাল-ভাত খাইতাম। এখন আরেকজনের গাড়ি চালাই। জমা খরচ উঠাইতেই কষ্ট হয়ে যায়। খুব কষ্টে আছি। প্রশাসনের কাছে আমি এই চোরদের বিচার চাই।
এর আগে গত ১ জুলাই রাতে উপজেলার ৫ নং সদর ইউনিয়নের সুদিয়া গ্রামের মজুমদার বাড়ি থেকে ফারুক মজুমদারের সিএনজি অটোরিকশাটি চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
চুরি হওয়া সিএনজি অটোরিকশার মালিক ফারুক মজুমদার বলেন, চোরের জ্বালায় কোন থাকতে পারি না। গত কয়েক বছরে কতগুলো গাড়ি চুরি হইছে। পুলিশ প্রশাসনের কোন উদ্যোগে নাই। শেষ হেদিন রাতে আমার গাড়িটা নিয়ে গেলো। থানায় অভিযোগ দিয়েছে। আল্লাই ভালো জানে বাকীটা।
স্থানীয়রা জানান,কালচোঁ গ্রামের আশপাশে থেকে গত কয়েক বছরে প্রায় ৮ টি সিএনজি চুরি হয়েছে। তবে এখনো পুলিশ কোন চোরকে আটক করতে পারেনি। বেপরোয়া হয়ে উঠে চোর চক্রটি। এতে ক্ষোভ প্রকাশ করছে স্থানীয়রা।
এই বিষয়ে হাজীগঞ্জ থানার এসআই আবু নছর নিপু বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। হাজীগঞ্জ উপজেলার কোন গ্যারেজে নতুন এরকম সিএনজি নেওয়া হয়নি। তাই আমরা আশেপাশে উপজেলাগুলোতে খোঁজ নিচ্ছি। আমরা আশা করছি অচিরেই চোরগুলোকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে পারবো।




















