হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধের জেরে বৃষ্টির জমে থাকা পানি নিস্কাশনে বাধা দেওয়ার ঘটনায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত হন মিজানুর রহমান (৭০) নামের এক ভুক্তভোগী। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কাশিমপুর গ্রামের মিজান মিয়ার নতুন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মিজানুর রহমান বৃহস্পতিবার রাতেই হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ (এসডিআর ২১৯০/২৪) দায়ের করেন। অভিযোগে ওই ইউনিয়নের কাশিমপুর গ্রামের নুর মোহাম্মদ (৭০), মো. মিরন (২৮) ও নাজমা বেগম (৩৭), গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালিগাঁও গ্রামের আব্দুল করিম (৪৮) ও মিনু বেগমকে (৩৬) বিবাদী করা হয়।
জানা গেছে, উল্লেখিত বিবাদীরা মিজানুর রহমানের নতুন বাড়ির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নেওয়ার ঘটনায় দুই পক্ষের মাঝে বিরোধ হয়। এর মধ্যে গত তিন/চার দিন টানা বৃষ্টিতে মিজান মিয়ার বাড়িতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চলাফেরাসহ গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েন।
বৃহস্পতিবার সকালে মিজানুর রহমান জলাবদ্ধতার পানি নিস্কাশনের জন্য গেলে বিবাদী নুর মোহাম্মদ ও তার মেয়ে নাজমা বাঁধা দেন। এক পর্যায়ে বিবাদীরা একত্রিত হয়ে মিজানুর রহমানের বাড়ির সীমানায় গিয়ে এবং তার উপর অতর্কিত হামলা করে মারধর ও ইট দিয়ে কপালে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এরপর উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই মিজানুর রহমান হাজীগঞ্জ থানায় অভিযোগ দেন। অভিযোগে তিনি মারধর ও হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত এবং নগদ ১৮ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেন বিবাদীদের বিরুদ্ধে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















