অগ্নিগর্ভ বাংলাদেশ নিয়ে এবার বিবৃতি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির তীব্র নিন্দা করলেন তিবি। অবিলম্বে চিন্ময়কৃষ্ণকে মুক্তি দিতে হবে বলে দাবি জানালেন তিনি। বাংলাদেশে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। আইনজীবী হত্যার ঘটনায় দ্রুত শাস্তির দাবি জানানোর পাশাপাশি, ইউনূস সরকারকেও একহাত নিয়েছেন হাসিনা
সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারির পর থেকেই উত্তপ্ত বাংলাদেশ। ISKCON-কে সেদেশে নিষিদ্ধ করার দাবিও ওঠে, যা খারিজ হয়ে গিয়েছে বৃহস্পতিবারই। আর সেই আবহেই মুখ খুলেছেন হাসিনা। সংরক্ষণবিরোধী আন্দোলনের জেরে দেশ ছাড়ার পর থেকে ভারতের আশ্রয়েই রয়েছেন হাসিনা। এই মুহূর্তে দিল্লিতেই রয়েছেন তিনি। আর সেখান থেকেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন
হাসিনা যে বিবৃতি প্রকাশ করেছেন, তাতে বলা হয়, ‘চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা করছি আমি। এই নৃশংস অপরাধের জন্য দায়ী যাঁরা, তাঁদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হচ্ছে। একজন আইনজীবী তাঁর পেশাগত দায়িত্ব সামলাচ্ছিলেন, তাঁকে যারা পিটিয়ে মারল, তারা সন্ত্রাসবাদীর তুলনায় কিছু কম নয়। তারা যে-ই হোক না কেন, শাস্তি দিতে হবে। ইউনূসের (মহম্মদ) অসাংবিধানিক এই সরকার যদি দোষীদের শাস্তি দিতে ব্যর্থ হয়, তাদের ঘাড়েও মানবাধিকার রক্ষা করতে না পারার দায় বর্তাবে’।




















