চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ বাজারে মুদি ও
মোবাইল ব্যাংকিং দোকানে চুরির ঘটনায় ৫ জনকে আটক করেছে থানা পুলিশ।
গতকাল সোমবার দিনব্যাপী কচুয়া থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে
বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে
গ্রেপ্তারকৃতরা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। আটককৃতরা হলেন,
কালচোঁ গ্রামের মৃত আবু তাহের ছেলে মো.সাব্বির হোসেন (২৫), একই
গ্রামের মৃত সেকান্দর মিয়াজীর ছেলে রফিকুল ইসলাম রনি (৩০), মৃত. শাহজাহানের
ছেলে মো.রুবেল মিয়া (৩২), আলী আহাম্মদের ছেলে মো.শুকুর আলম (৩৫), মৃত আঃ
সাত্তার ছেলে মো. গাউস (৪৮)।
জানা যায়, উপজেলার কালচোঁ বাজারের দিদার হোসেনের মুদি ও মোবাইল
ব্যাংকিং দোকানে ৭ জানুয়ারি মধ্যরাতে দোকানের পিছনের টিনের চালের টিন
খুলে দোকানের ভিতের প্রবেশ করে দোকানের ক্যাশ বাক্স হতে নগদ ৭০ হাজার, স্কয়ার
টয়লেট্রিজের কসমেটিকস ৫০ হাজার, সিগারেট ও বিভিন্ন মূল্যবান মালামালসহ
২ লক্ষ ১৯ হাজার ২শত ৮৬ টাকার জিনিসপত্র নিয়ে যায়। চুরির ঘটনায় দোকানের
মালিক দিদার আলম বাদী হয়ে কচুয়া থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, চুরির
ঘটনায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, চোরচক্র গ্রেফতার হওয়ায় জনগণের মধ্যে কচুয়া থানা পুলিশের
প্রতি মানুষের আস্থা ফিরে এসেছে। কচুয়া থানা ওসির দায়িত্বশীল ভূমিকার জন্য
এক সপ্তাহের মধ্যেই চুরি ঘটনায় পুরো চোরচক্রকে গ্রেফতার করায় কচুয়ার
জনগণে মাঝে ওসির এম আব্দুল হালিম প্রশংসা কুড়াচ্ছেন।




















