মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
কচুয়া থানা পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মো. দ্বীন ইসলাম ভুইয়া (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাজুরিয়া গ্রামের কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি দ্বীন ইসলাম ভুইয়া শরিয়তপুর জেলার গোসাইরহাট থানার পাঁচকাঠি গ্রামের মৃত ইউছুফ আলী ভুইয়ার ছেলে। তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) ও অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে খাজুরিয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় থানার উপ-পরিদর্শক (এসআই) রাজ্জাক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর চেক করাকালীন বোগদাদ পরিবহনের একটি বাসের ভিতর থেকে ৪ কেজি গাঁজাসহ দ্বীন ইসলাম ভুইয়াকে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. দ্বীন ইসলাম ভুইয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে বলে জানান, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)।





















